বাংলাদেশ–ভারতের ভূ-রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব পড়েছে ক্রিকেটেও। ভারতে অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি। তাই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানাতে শিগগিরই আইসিসিকে চিঠি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ –ভারতের ভূ-রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেটেও। এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দিয়েছে বিসিসিআই। এমন পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। আগামী মাসে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কলকাতায়।
গতকাল বোর্ড সভায় পরিচালকদের জরুরি ভার্চুয়াল মিটিং শেষে- বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন “টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় আমাদের তিনটি ম্যাচ রয়েছে। আজ যা ঘটেছে, সে বিষয়ে আমরা আইসিসিকে লিখব।”

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিসিসিআই মুস্তাফিজুরকে আইপিএল থেকে সরানোর কারণ হিসেবে ‘সাম্প্রতিক পরিস্থিতি’ উল্লেখ করার পর তার এই সংশয় আরও বাড়ছে।
আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারে না , সেখানে পুরো দল বিশ্বকাপ খেলতে নিরাপদ বোধ করতে পারে না।’ তিনি আরও বলেন, ‘আমি বোর্ডকে নির্দেশ দিয়েছি যেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়।’
এছাড়াও তিনি দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার অনুরোধও জানিয়েছেন ।

বিসিসিআইয়ের নির্দেশের পর কলকাতা নাইট রাইডার্সও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, তারা আইপিএল ২০২৬-এর জন্য তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। গত মাসে আইপিএল নিলামে বাঁহাতি এই পেসারকে ৯.২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা। তবে সাম্প্রতিক সময়ে ভারতের কিছু ধর্মীয় ও রাজনৈতিক মহল এই সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা করেছে।
এছাড়াও শুক্রবার বিসিবি ২০২৬ সালের ঘরোয়া মৌসুমের সূচি প্রকাশ করেছে, যেখানে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজও রয়েছে। এই সিরিজটি মূলত ২০২৫ সালে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছিল।তবে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়নে সেই সিরিজও এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।