বিপিএলে শুরুটা দারুণ করেছে চট্টগ্রাম রয়্যালস। নানান জটিলতা কাটিয়ে প্রথম ম্যাচেই নোয়াখালী এক্সপ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী দলটি। দারুণ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেও রয়্যালস শিবিরে নেমে এসেছে শঙ্কার ছায়া—অনুশীলনে মাথায় আঘাত পেয়েছেন শরিফুল ইসলাম।
বিপিএল শুরুর আগেই নানান অব্যবস্থাপনা ও সমালোচনার মুখে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রাইএঙ্গেল সার্ভিসেস লিমিটেডের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি সরে দাঁড়ানোর পর, শেষ পর্যন্ত বিসিবির তত্ত্বাবধানে মাঠে নামতে হয় দলটিকে। প্রথম ম্যাচেই নোয়াখালী এক্সপ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সাগরপাড়ের দলটি।
মাঠে যখন আত্মবিশ্বাস আর সাফল্যের সুবাতাস বইছে, ঠিক তখনই রয়্যালস শিবিরে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, যা নতুন করে শঙ্কা তৈরি করেছে চট্টগ্রাম শিবিরে।

টানা দুই দিনের ব্যস্ত সূচির পর বিপিএলে আজ ছিল বিরতির দিন। ফাঁকা সময়ে নিজেদের ঝালিয়ে নিতে ঐচ্ছিক অনুশীলনে মাঠে নামে চট্টগ্রাম রয়্যালস। অনুশীলন চলাকালীন অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় সতীর্থ এক খেলোয়াড়ের হাঁটুর সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পান শরিফুল। পরিস্থিতি বিবেচনায় কোনো ঝুঁকি না নিয়ে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম রয়্যালসের মেন্টর হাবিবুল বাশার আশ্বস্ত করে জানান, ‘ভয়ের কিছু নেই, সবকিছু ঠিক আছে। শরিফুলের স্ক্যান করা হয়েছে এবং রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি।’
হাসপাতালের সব পরীক্ষা-নিরীক্ষা শেষে বর্তমানে হোটেলে বিশ্রামে রয়েছেন শরিফুল ইসলাম। দলের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়ে বড় জয় তুলে নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। যেখানে দলের জয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই বাঁহাতি পেসার। ৩ ওভারে মাত্র ১৪ রান খরচ করে তিনি শিকার করেছিলেন ২টি উইকেট। এখন সকল ঝুঁকি কাটিয়ে সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকছেন শরিফুল ইসলাম।
