মেহেদী হাসান মিরাজের এক রান আউটকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান—ক্রিকেটের সাবেক তারকা, বিশ্লেষক থেকে সাধারণ সমর্থক—সবার আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই ঘটনাই।
অনেকে আবার মিরাজের এই কর্মকাণ্ডকে দণ্ডনীয় বলেও আখ্যা দিচ্ছেন। তাদের মতে, ক্রিকেট ভদ্রলোকের খেলা; সেখানে এমন আচরণ ‘স্পিরিট অব ক্রিকেট’-এর পরিপন্থী। তাই এই রান আউটকে কেউ কেউ গুরুচণ্ডালীর দোষ বলেও মন্তব্য করেছেন।
তবে প্রশ্ন উঠছে—মিরাজ কি সত্যিই কোনো অপরাধ করেছেন? ক্রিকেটের আইন কী বলে?

ঘটনাটি ঘটে যখন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আঘা পপিং ক্রিজের বাইরে ছিলেন। তখনও বল ‘ডেড’ ঘোষণা হয়নি। ঠিক সেই মুহূর্তেই মিরাজ বল থ্রো করে উইকেট ভেঙে দেন। সালমান তখনও ক্রিজের বাইরে অবস্থান করছিলেন। পরে আম্পায়ারের কাছে আবেদন করলে তিনি আউট ঘোষণা করেন।
ক্রিকেটের আইনের দিক থেকে দেখলে এখানে মিরাজ কোনো ভুল করেননি। কারণ বল ডেড হওয়ার আগে ব্যাটার ক্রিজের বাইরে থাকলে ফিল্ডিং দল তাকে রান আউট করতে পারে। এটি কোনো পাড়ার ক্রিকেট নয়, যেখানে ব্যাটারকে বল এগিয়ে দেওয়া হবে। আন্তর্জাতিক ম্যাচে, যেখানে জয়ের মাধ্যমে সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়, সেখানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। আইনের মধ্যেই থেকে মিরাজ রান আউট করেছেন বলেই আম্পায়ার সেটিকে বৈধ আউট হিসেবে ঘোষণা দিয়েছেন। সে হিসেবে মিরাজকে অপরাধী বলার সুযোগ খুব একটা নেই; বরং সালমান আঘার গেম সেন্স নিয়েই প্রশ্ন উঠতে পারে।
তবে বিতর্ক থামেনি। ক্রিকেটের অনেক সাবেক তারকা মিরাজের সমালোচনায় মুখর হয়েছেন। পাকিস্তানের সাবেক উইকেটকিপার কামরান আকমল কঠোর মন্তব্য করে বলেন, “মেহেদী হাসান, আপনি জাতীয় দলের অধিনায়ক। কিন্তু আপনার আচরণটা ছিল গলির ক্রিকেটারের মতো। আপনাকে স্পোর্টসম্যানশিপের স্পিরিট দেখাতে হবে।”

ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজাও সমালোচনায় যোগ দিয়ে বলেন, বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে দলগুলোকে সতর্ক থাকতে হবে। তিনি অতীতের টাইমড আউটের ঘটনাও স্মরণ করিয়ে দেন।
অন্যদিকে আউট হওয়ার পর মাঠেই ক্ষোভ প্রকাশ করেছিলেন সালমান আলী আঘা। মাঠ ছাড়ার সময় তিনি হেলমেট ও গ্লাভস ছুড়ে ফেলেন এবং উত্তেজিতভাবে কিছু বলতে দেখা যায় তাকে। পরে তিনি বলেন, “আমি সব সময় আইনের মধ্যে থেকে খেলায় বিশ্বাসী। তবে যেকোনো পরিস্থিতিতে খেলোয়াড়সুলভ মনোভাবকে আমি বেশি গুরুত্ব দিই। কেউ যদি মনে করে আমাকে এভাবে আউট করে ঠিক করেছে, তাহলে সে ঠিক করেছে। কিন্তু আমি হলে এমন করতাম না। আমার ক্রিকেট ভাবনা একটু ভিন্ন।”