বছরের প্রথম দিনেই এক রোমাঞ্চকর ম্যাচ দেখল সিলেটবাসী। শ্বাসরুদ্ধকর ম্যাচে ঘরের মাঠে ঢাকা ক্যাপিটালসকে ছয় রানে হারাল সিলেট টাইটান্স । শেষ মুহূর্তে শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটিং তান্ডবে ম্যাচে নাটকীয়তা যোগ করলেও জয় ধরা দেয় স্বাগতিকদের হাতেই।
নতুন বছরের প্রথম দিনেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিথুন। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে সিলেটের ব্যাটিংয়ে লাগাম টেনে ধরে ঢাকার বোলাররা। রনি তালুকদার কিংবা অধিনায়ক মেহেদি হাসান মিরাজ—ব্যাট হাতে কেউই ইনিংসে গতি আনতে পারেননি। ফলে শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা।
সাইম আইয়্যুবের মন্থর গতির ইনিংসের বিপরীতে আজও ব্যাট হাতে ঝলক দেখান পারভেজ হোসেন ইমন। ৩২ বলে ৪৪ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি। তবে সাজঘরে ফেরার আগে দলকে রেখে যেতে পারেননি শক্ত অবস্থানে।

ম্যাচের গতিপথ যখন পুরোপুরি ঢাকার নিয়ন্ত্রণে, ঠিক তখনই সব হিসাব পাল্টে দেন আজমতউল্লাহ ওমরজাই। ঢাকার বোলারদের ওপর ছড়ি ঘোরিয়ে মাত্র ২৪ বলে তুলে নেন অনবদ্য এক ফিফটি। তার ঝড়ো ইনিংসেই ভর করে দল পৌঁছে যায় ১৭৩ রানের বড় সংগ্রহে।
১৭৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা ক্যাপিটালস। মাত্র ১ রানেই হারায় প্রথম উইকেট। এরপর স্কোরবোর্ডে ৪৩ রান তুলতেই একে একে আরও চার ব্যাটার ফিরে যান সাজঘরে, সেখানেই কার্যত ম্যাচ হাতছাড়া হয়ে যায় ঢাকার। সাব্বির রহমান ২৪ রানের একটি ইনিংস খেলে শেষ চেষ্টা চালালেও তার বিদায়ের সঙ্গে সঙ্গেই ঢাকার সব আশার আলো নিভে যায়।
শেষ মুহূর্তে ধ্বংসস্তূপের মাঝেই যেন ফিনিক্স পাখির মতো দৃশ্যপটে এলেন শামীম হোসেন পাটোয়ারী। একাই তাণ্ডব চালিয়ে সিলেটের বোলারদের ওপর চাপ সৃষ্টি করলেন ,ঢাকাকে দেখালেন জয়ের স্বপ্ন। তবে শেষ পর্যন্ত পূর্ণতা পেল না। অপরাজিত ৮১ রানের অনবদ্য ইনিংস খেললেও শেষ হাসি হাসে স্বাগতিক সিলেটই। শ্বাসরুদ্ধকর ম্যাচে ছয় রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় সিলেট টাইটান্স।
