হংকংয়ের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেলেন পাকিস্তানের টপ-অর্ডার ব্যাটার গুল ফেরোজা। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানার পাশাপাশি তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ম্যাচে সোমবার দুবাইয়ে ঘটে এই ঘটনা।
পাকিস্তানের ইনিংসের পঞ্চম ওভারে হংকংয়ের বাঁহাতি রিস্ট-স্পিনার ক্যারি চ্যানের করা টস-আপ ডেলিভারি সুইপ করার চেষ্টা করেন ফেরোজা। তবে বল তাঁর ব্যাটে না লেগে সরাসরি প্যাডে আঘাত করে। স্টাম্পের সামনে অবস্থান থাকায় অন-ফিল্ড আম্পায়ার তাঁকে এলবিডব্লিউ ঘোষণা করেন।
টুর্নামেন্টে ডিআরএসের সুবিধা না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ পাননি ফেরোজা। ফলে সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়তে হয় তাঁকে। তবে মাঠ ছাড়ার সময় ব্যাটে বল লেগেছে বোঝাতে ব্যাটের দিকে ইশারা করেন তিনি। একই সঙ্গে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেন পাকিস্তানি এই ব্যাটার।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, ফেরোজার এমন আচরণ খেলোয়াড় ও খেলোয়াড় সমর্থকদের জন্য নির্ধারিত আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের শামিল। ফলে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দেওয়া হয় তাঁকে।
২৪ মাসের মধ্যে এটি ফেরোজার দ্বিতীয় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। ফলে নির্ধারিত সময়সীমায় তাঁর মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুইয়ে।
এদিকে হংকংকে ৭২ রানে হারিয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
