এশিয়া কাপ জয়ের পর ট্রফি গ্রহণ না করার ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় ভারতীয় নারী দলের ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ সচেতন ও প্রাতিষ্ঠানিক। এমনকি অনুষ্ঠানের আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) বিষয়টি জানানো হয়েছিল।
সোমবার ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, বর্তমান পরিস্থিতির সব দিক বিবেচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষ্য, পরিস্থিতি বিবেচনায় ভারতীয় দল ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেবে না—এমন অবস্থান আগেই এসিসিকে জানানো হয়েছিল।
যদিও বিবৃতিতে সাইকিয়া সরাসরি মোহসিন নাকভি কিংবা পাকিস্তানের নাম উল্লেখ করেননি, তবে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার বিষয়টি স্পষ্ট। পাহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত-পাকিস্তান ক্রিকেটে সৌজন্য বিনিময় নিয়ে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো থেকেও বিরত থাকছেন। এবার এশিয়া কাপের ট্রফি নেওয়ার ক্ষেত্রেও একই অবস্থান দেখা গেল।

মোহসিন নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পাশাপাশি দেশটির সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং এসিসিরও প্রধান। তাঁর কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় নারী দল।
বিসিসিআই বলছে, এই সিদ্ধান্ত কোনো খেলোয়াড়, টুর্নামেন্ট কিংবা ক্রিকেটের বিরুদ্ধে নয়। বরং দেশের বর্তমান পরিস্থিতি ও মানুষের আবেগ বিবেচনায় নেওয়া হয়েছে এটি। একই সঙ্গে বোর্ড জানিয়েছে, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিশ্রুতি পালনে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
বিসিসিআইয়ের ভাষ্য, বহুজাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ এবং ট্রফি গ্রহণের পদ্ধতি দুটি আলাদা বিষয়। তাই এশিয়া কাপে অংশ নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে ট্রফি বিতর্ককে এক করে দেখার সুযোগ নেই।

এদিকে এশিয়া কাপ জয়ের জন্য নারী দলকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআই। বোর্ডের মতে, মাঠের পারফরম্যান্সেই ভারতীয় দল নিজেদের কাজ সম্পন্ন করেছে। এখন ট্রফি বিতর্ক পেছনে রেখে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ দিতে চায় তারা।