বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। মঙ্গলবার প্রকাশিত তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ অনুসন্ধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটির নেতৃত্বে ছিলেন মন্ত্রণালয়ের প্রশাসন শাখার অতিরিক্ত সচিব ড. এ কে এম ওলি উল্লাহ। সদস্য হিসেবে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার এবং ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
বাংলাদেশ কেন বিশ্বকাপে অংশ নেয়নি এবং এই সিদ্ধান্তের পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বাধীন মন্ত্রণালয়ের নেওয়া বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্তকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সমর্থন করেছিল।
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, তদন্তে পাওয়া তথ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা এবং গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনা করে বাংলাদেশকে বিশ্বকাপে না পাঠানোর জন্য আসিফ নজরুলকে দায়ী করা হয়েছে।
ফয়সাল বলেন, ‘তদন্তে যা উঠে এসেছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমাদের আলোচনা, গণমাধ্যমের প্রতিবেদনসহ সবকিছু বিবেচনায় বলা যায়, বিশ্বকাপে না যাওয়ার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দায়ী। তৎকালীন সরকার এবং তিনিই এর জন্য দায়ী ছিলেন।’

তদন্ত কমিটির মতে, বাংলাদেশকে অবশ্যই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া উচিত ছিল। ফয়সালের ভাষায়, ‘বাংলাদেশের অবশ্যই বিশ্বকাপে খেলা উচিত ছিল।’
অন্যদিকে, এর আগে আসিফ নজরুল দাবি করেছিলেন, বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি সম্পর্কে জাতীয় দলের খেলোয়াড়েরা অবগত ছিলেন এবং তারা ওই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন।