উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) পঞ্চম আসরের নিলামের তারিখ চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। আগামী ২৮ অক্টোবর ভারতের কোচিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নিলাম। বুধবার (১৬ সেপ্টেম্বর) পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দিয়েছে বিসিসিআই।
নিলামের আগে নিজেদের স্কোয়াড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়ও বেঁধে দিয়েছে বোর্ড। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা চূড়ান্ত করতে হবে দলগুলোকে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজাতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় রাখা যাবে সর্বোচ্চ ছয়জন। এবারের আসরে প্রতিটি দলের খেলোয়াড় কেনার জন্য নির্ধারিত বেতন বাজেট ১৫ কোটি ভারতীয় রুপি।
এদিকে আগামী মৌসুমের ম্যাচ আয়োজনের জন্য মুম্বাই ও ভাদোদরাকে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বিসিসিআই। গতবারের মতো এবারও জানুয়ারি-ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তবে নতুন একটি ভেন্যু হিসেবে বারাণসীর নামও আলোচনায় এসেছে। সেখানে নতুন স্টেডিয়াম নির্মাণাধীন থাকায় কয়েকটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যদিও বর্তমানে বারাণসীতে ডব্লিউপিএলের ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশ কম। স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজনের উপযোগী কি না, তা নিশ্চিত করতে আগে সেখানে ঘরোয়া ম্যাচ আয়োজন করে পরীক্ষা করা হবে। এরপরই ডব্লিউপিএল ম্যাচ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ কারণে মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই) ও ভাদোদরার কোটাম্বি স্টেডিয়ামকেই আসন্ন মৌসুমের নিশ্চিত ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডব্লিউপিএলের চতুর্থ আসরও এই দুই মাঠে অনুষ্ঠিত হয়েছিল। গত ৫ ফেব্রুয়ারি ভাদোদরাতেই হয়েছিল ফাইনাল।
চতুর্থ আসরের শিরোপা জিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে পঞ্চম আসরে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
