বিদেশের মাটিতে আইপিএল নিলাম আয়োজনের সাম্প্রতিক ধারা এবার ভাঙতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল ২০২৭-এর মিনি-অকশন ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৩ সালে কোচিতে নিলাম হওয়ার পর পরবর্তী কয়েকটি আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে ভারতের বাইরে। দুবাই, জেদ্দা ও আবুধাবিতে বসেছে আইপিএলের নিলামের আসর। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তি ও বিদেশে মিনি-অকশন আয়োজনের বাড়তি লজিস্টিক জটিলতা বিবেচনায় এবার নিলাম দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, ২০২৭ সালের নিলাম হবে মিনি-অকশন। তবে পরবর্তী মেগা-অকশন আবারও ভারতের বাইরে আয়োজন করা হতে পারে।

বিদেশে নিলাম আয়োজনের ক্ষেত্রে দলগুলোর মালিক, কর্মকর্তা ও অন্যান্য প্রতিনিধিদের যাতায়াত এবং থাকার ব্যবস্থা নিয়ে বাড়তি চাপ তৈরি হয়। গত বছর আবুধাবিতে নিলাম আয়োজনের সময় ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে এমন উদ্বেগের কথা জানানো হয়েছিল। তাদের মতামতকে গুরুত্ব দিয়েই এবার ভারতের কোনো শহরকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল।
তবে এখনো নিলামের শহর চূড়ান্ত হয়নি। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম থাকায় এ সময়ে পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া যাবে কি না, সেটিই ভেন্যু নির্বাচনের অন্যতম বড় বিষয়। নিলামের জন্য বিসিসিআইয়ের প্রয়োজন হবে ১০০টির বেশি হোটেল কক্ষ।
এদিকে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়েও বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী এক মাসের মধ্যে আরেকটি গভর্নিং কাউন্সিল সভা হওয়ার কথা রয়েছে। সেখানেই এ নিয়ম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে, অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের বিরোধিতা করছে। তবে কয়েকটি দল মনে করছে, নিয়মটি মাথায় রেখেই তারা স্কোয়াড সাজিয়েছে। তাই নিয়ম বাতিল করা হলেও সেটি আগামী বছর থেকে কার্যকর করার পক্ষে মত দিয়েছে তারা।