রেকর্ডবুক ওলট পালট করে দিলেন মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাকে ঘিরে উঠল তুমুল ঝড়। আকাশছোঁয়া ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দামেই দল পেলেন মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে আকাশছোঁয়া ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। দুবাইয়ে অনুষ্ঠিত মিনি নিলামে মুস্তাফিজকে ঘিরে ছিল তুমুল উত্তেজনা। একের পর এক ফ্র্যাঞ্চাইজি দর বাড়াতে থাকায় জমে ওঠে রীতিমতো দরকষাকষির লড়াই।
মুস্তাফিজের প্রথম ডাক আসে দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে। গত আসরে শেষ মুহূর্তে দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানোর কারণে তিনি দলের চাহিদার শীর্ষে ছিলেন। তবে দিল্লির সঙ্গে বিডের লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংসও। দিল্লির পর্যাপ্ত অর্থ না থাকায় বিড ৪ কোটি রুপির ওপরে চলে গেলে শেষ পর্যন্ত তারা সরে যায়। সেই সুযোগটি লুফে নিয়ে বিডের জমজমাট লড়াইয়ে অংশ নেয় কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে দলে নেওয়ার জন্য চেন্নাই রীতিমতো মরিয়া থাকলেও শেষ হাসিটা হাসে কলকাতা। সবার চেয়ে বেশি দাম হাঁকিয়ে বাংলাদেশের এই তারকা পেসারকে নিজেরদের দলে ভিড়িয়ে নেয় শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর।

এটিই আইপিএল নিলামে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ রেকর্ড মূল্য। এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে কলকাতা নাইট রাইডার্স ৬ লাখ ডলারে (সেই সময়ে প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা) দলে ভিড়িয়েছে, যা দীর্ঘদিন ধরে সর্বোচ্চ হিসেবে রয়ে গিয়েছিল। সাকিব আল হাসানও কলকাতার হয়ে খেলেছেন ৩ কোটি ২০ লাখ রুপিতে।
আইপিএলে মুস্তাফিজুর রহমানের যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালে। সেই মৌসুমে উদীয়মান খেলোয়াড় হয়ে চিনিয়েছিলেন নিজের জাত । সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ট্রফিও জিতেছিলেন। এরপর থেকে ধারাবাহিকভাবে তিনি আইপিএলে খেলে যাচ্ছেন। এরইমধ্যে বদলে ফেলেছেন বেশ কিছু ফ্র্যাঞ্জাইজি। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন তিনি। এবারের যাত্রাটা ওপার বাংলার দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মুস্তাফিজ নিশ্চয় চাইবেন নিজের সেরা পাফরম্যান্সের মাধ্যামে কলকাতা ও বাংলাদেশের দর্শকদের মন জয় করতে।
Sent