গিলকে বাদ দিয়েই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ঘরের মাঠে আগামী বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চমক দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সবার আগেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে তারা। তবে বিশ্বকাপ দলে জায়গা হয়নি ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শুভমান গিলের।
গত এশিয়া কাপে বেশ ঘটা করেই শুভমান গিলকে সহ-অধিনায়ক করে ওপেনিং পজিশনে দলে ফেরানো হয়েছিল। তবে এশিয়া থেকে সাম্প্রতিক সময়ে ১৫ ইনিংসে নেই কোন অর্ধশতকের দেখা। ২৪.২৫ গড়ে করেছেন মোটে ২৪৪ রান। সম্প্রতি শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজেও ছিলেন বেশ সাদামাটা।

শুভমান গিলের জায়গায় এবার দলে ডাক পেয়েছেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দারুণ পারফর্ম করা ঈশান কিষাণ। দলে ফিরেছেন সানজু স্যামসন। তবে ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হারিয়েছেন জিতেশ শর্মা। নতুন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অক্ষর পাটেল।
ব্যাট হাতে সূর্যকুমার যাদবের সময়টা ভালো না গেলেও, তাঁর কাধেই থাকছে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব। দক্ষিণ আফ্রিকা সিরিজে রিংকু সিং বাদ পড়লেও এই ফিনিশার জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। ওপেনিং পজিশনে তো আছেনই মারকুটে ব্যাটার অভিষেক শর্মা।
স্পিন আক্রমণের দায়িত্ব সামলাবেন লেগ স্পিনার কুলদীপ যাদব ও মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তাদের সঙ্গে স্পিন আক্রমণে ভারসাম্য আনতে দলে আছেন অলরাউন্ডার অক্ষর পাটেল ও ওয়াশিংটন সুন্দর।

পেস আক্রমণের দায়িত্বে স্বাভাবিকভাবেই থাকছেন জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গে রয়েছেন হারশিত রানা ও অর্শদীপ সিং। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন হার্ডিক পান্ডিয়া ও শিভম দুবে। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সানজু স্যামসন, তিলক ভার্মা, হার্ডিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, রিংকু সিং, ইশান কিশান কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহত, অর্শদীপ সিং ও হার্শিত রানা।