আইপিএল থেকে বাদ পড়ার শোক স্মৃতির মাঝে সুখবরই পেলেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে পাকিস্তানের সবচেয়ে আকর্ষণীয় লীগে খেলার আমন্ত্রন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে পাকিস্তান সুপার লীগ (পিএসএল)।
আসন্ন আইপিএলে কোনো স্পষ্ট কারণ ছাড়াই হুট করে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে নানান আলোচনা–সমালোচনা, যার উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। দেশের গণ্ডি পেরিয়ে মুহূর্তেই বিষয়টি আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক অঙ্গনেও। এমনকি ক্রিকেটের আরেক পরাশক্তি পাকিস্তানের চোখও এড়ায়নি এই ঘটনা।
পাকিস্তানের সবচেয়ে ঝাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের নজর এড়ায়নি মুস্তাফিজ ইস্যুটি। তাই বিশ্ব ক্রিকেটের বিস্ময় ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে নিজেদের লিগে খেলতে স্বাগত জানিয়েছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পিএসএল লিখেছে,‘ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছে মোস্তাফিজ।’এদিকে পিএসএলে খেলার জন্য ইতোমধ্যেই ড্রাফটে নিজের নাম লিখিয়েছেন এই বাঁহাতি পেসার।

অন্যদিকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ। ঘটনার কড়া সমালোচনা করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানান। শেষ পর্যন্ত সেই আহ্বানে সাড়া দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরকারিভাবে আইপিএল সম্প্রচার বন্ধের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে।
বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও, ইতোমধ্যেই নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ভেন্যু বদলানোর দাবি জানিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। একই সঙ্গে স্পষ্ট করে জানানো হয়েছে, খেলোয়াড় কিংবা আম্পায়ার—কাউকেই ভারতে পাঠানো হবে না।
দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের উত্তাপ এতটাই বেড়েছে যে, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরও এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।
