বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে সাবেক ক্রিকেটারদের জমজমাট প্রীতি ম্যাচ। দেশের ক্রিকেটের এক সময়ের রথী-মহারথী ও জীবন্ত কিংবদন্তীদের দেখা যাবে আবারও মাঠে নামতে। ব্যাটে–বলে তারা ফিরিয়ে আনবেন পুরোনো দিনের স্মৃতি, মাতাবেন পুরো মাঠ। দর্শকদের জন্য এটি শুধু একটি ম্যাচ নয়, বরং শৈশবে ফিরে যাওয়ার এক দারুণ সুযোগ—যেখানে চোখের সামনে আবারও দেখা মিলবে নিজের শৈশবের প্রিয় হিরোদের মাঠে ছুটে চলার দৃশ্য।
মাঠে খেলতে দেখা যাবে দেশের ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। তার সঙ্গে থাকবেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ও এক সময়ের পোস্টারবয় মোহাম্মদ আশরাফুল। আরও থাকছেন হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, নাফিস ইকবালসহ দেশের ক্রিকেটের অসংখ্য তারকা ও রথী-মহারথী। এক ম্যাচেই একসঙ্গে দেখা মিলবে বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়া সব জীবন্ত কিংবদন্তীদের।
বিজয় দিবসের মর্যাদা ও গৌরবকে সামনে রেখে দুই বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটার শহীদ জুয়েল ও শহীদ মুশতাক নামে গঠিত দুটি একাদশে বিভক্ত হয়ে মাঠে নামবেন দেশের সাবেক ক্রিকেটাররা। রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে দুই দলের স্কোয়াড। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিজয় দিবসের দিন সকাল ১০টায় শুরু হবে এই বিশেষ ম্যাচটি।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক দু্ই দলের স্কোয়াড–
শহীদ মুশতাক একাদশ: হান্নান সরকার , নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ সুজন, হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, হাসিবুল হোসেন শান্ত, তুষার ইমরান, মোহাম্মদ রফিক, মাহবুবুল আলম রবিন, জামাল বাবু, সাজিদুল ইসলাম।
শহীদ জুয়েল একাদশ: মিনহাজুল আবেদিন নান্নু, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আনোয়ার হোসেন, শাহরিয়ার নাফীস, আনোয়ার হোসেন ম্নির, এনামুল হক মণি, রকিবুল হাসান, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আব্দুর রাজ্জাক।