এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলছেন না মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরা। বলতে গেলে এক মুস্তাফিজুরই টালমাটাল করে রেখেছেন পুরো বিশ্বকাপের হিসাব নিকাশ।
তবে যাই হোক এরই মধ্যে বাংলাদেশ টি-টোয়োন্টি বিশ্বকাপ বয়কট করায় আন্তর্জাতিক সূচিতে ছিল না কোনো ক্রিকেটীয় ব্যস্ততা। ফলে জাতীয় দলের ক্রিকেটাররা কাটাচ্ছিলেন অবসর সময়। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে এবং আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়োজন করা হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ টুর্নামেন্ট’।
বিশ্বকাপ না খেলার আক্ষেপ কিছুটা হলেও লাঘব করতেই এই উদ্যোগ—যাকে বলা যায় দুধের সাধ ঘোলে মেটানো। তবে শেষ পর্যন্ত মাঠে ফিরছে ক্রিকেট, সেটাই বড় স্বস্তি। টুর্নামেন্টটির প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল এবং হাই পারফরম্যান্স দল মিলিয়ে গঠন করা হয়েছে তিনটি দল—ধূমকেতু, দুর্বার ও দূরন্ত। জাতীয় দলের তারকা থেকে শুরু করে উদীয়মান ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এই আসরে। ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসরটি।

আজ বাদে কাল শুরু হতে যাচ্ছে আসরের প্রথম ম্যাচ। তার আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ধূমকেতু দলের ক্রিকেটাররা। নাম ধূমকেতু হলেও দলটিকে কার্যত বাংলাদেশ জাতীয় দল বললেও ভুল হবে না। কারণ বিশ্বকাপ দলের সদস্যদের নিয়েই এই দলটি গঠন করা হয়েছে।
এদিন অনুশীলনে হাজির ছিলেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয় ও সাইফ হাসানসহ জাতীয় দলের একাধিক ক্রিকেটার। শরীর গরম করা থেকে শুরু করে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেননি ধূমকেতুর ক্রিকেটাররা।ঘরোয়া টুর্নামেন্ট হলেও মুস্তাফিজ-লিটনদের অনুশীলনে ছিল শতভাগ মনোযোগ।
আগামীকাল সন্ধ্যা ৬টায় দূরন্ত দলের মুখোমুখি হবে ধূমকেতু। ধুমধাড়াক্কা এক ক্রিকেটীয় লড়াই দেখতে মুখিয়ে আছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। বিসিবির এই ২.৫ কোটি টাকার অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি টুর্নামেন্ট কি আদৌ পারবে বিশ্বকাপ না খেলার আক্ষেপ কিছুটা হলেও ঘোচাতে—সেই অপেক্ষাতেই এখন ক্রিকেটাঙ্গন।
