২৭ তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। আর তিন পয়েন্ট কমে রানার্স-আপ হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন সিলেট বিভাগ।
বগুড়ায় শেষ রাউন্ডে খুলনার বিরুদ্ধে সাত উইকেটে জয় লাভ করে এবারের জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতেছে রংপুর। অন্যদিকে, শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিলেট বিভাগ বরিশালের সঙ্গে ড্র করায় ২ পয়েন্ট নিয়ে তারা রানার্স-আপ হয়েছে। শেষ ম্যাচে জয় পেলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতো জাকির হাসানের দল।
ব্যাটারদের লড়াইয়ে এবারের এনসিএল ছিল রোমাঞ্চে ভরপুর। চলুন এক নজরে দেখে নিই, সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে সেরা ৫ পারফর্মার—

সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন খুলনা বিভাগের সৌম্য সরকার। ৭ ম্যাচে ১৪ ইনিংস ব্যাট করে ৪৫.২১ গড়ে করেছেন আসরের সর্বোচ্চ ৬৩৩ রান। চারটি অর্ধশতকের পাশাপাশি খেলেছেন টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস—দুর্দান্ত ১৮৬ রান।
তার ঠিক পিছনে আছেন সিলেটের অধিনায়ক জাকির হাসান। সমান ৭ ম্যাচে ৫৭.০৯ গড়ে তিনি করেন ৬২৮ রান। একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরিতে পুরো মৌসুম জুড়েই ছিলেন ধারাবাহিক।
তৃতীয় স্থানে ঢাকার মার্শাল আইয়ুব, যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে স্পর্শ করেছেন ১০ হাজার রানের মাইলফলক। ৭ ম্যাচে ৬২.৫০ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৬২৫ রান—যার মধ্যে রয়েছে তিনটি শতক ও দুটি অর্ধশতক।

চতুর্থ স্থানে রয়েছেন রাজশাহীর প্রিতম কুমার। তার ব্যাট থেকেও এসেছে ব্যাটিং নৈপুণ্যের প্রমাণ—৭ ম্যাচে দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে মোট রান ৫৭৪।
তালিকার পঞ্চম স্থানে আছেন নাঈম শেখ, যিনি বিপিএল নিলামে পেয়েছেন রেকর্ড ১.১০ কোটি টাকা। ১টি শতক এবং ৫টি অর্ধশতকে তিনি করেছেন ৫৪৭ রান, পুরো মৌসুম জুড়েই ছিলেন আক্রমণাত্মক ও কার্যকর।