প্রথম ম্যাচে দুর্দান্ত শুরুর পর দ্বিতীয় ম্যাচেও সেই ছন্দ বজায় রাখলেন মুস্তাফিজুর রহমান। বৈচিত্র্য আর নিখুঁত কাটারে আবারও ভোগালেন প্রতিপক্ষ ব্যাটারদের। তুলে নিলেন গুরুত্বপূর্ণ দুই উইকেট। তার বোলিং নৈপুণ্যে ভর করে আবুধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস।
দুবাই ক্যাপিটালস হোক বা দিল্লি ক্যাপিটালস—মুস্তাফিজুর রহমান সবসময়ই আস্থার প্রতীক। প্রথম ম্যাচে অগ্নিঝরা বোলিংয়ে চার উইকেট নিলেও দল হেরেছিল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় দুবাই, আস্থার প্রতিদান দেন মুস্তাফিজও।
দুবাইয়ে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন আবুধাবির অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাটিংয়ে নেমে দুবাই ক্যাপিটালস প্রথমেই ধাক্কা খায়—১৩ রানে সাজঘরে ফেরেন ওপেনার টবি অ্যালবার্ট এবং ২৫ রানে আউট হন সাদিকুল্লাহ আতাল। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪৩ রান যোগ হলেও, পরবর্তী ইনিংসে আর বড় কোনো ক্ষতি হয়নি । নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮৬ রানে নিজেদের ইনিংস শেষ করে দলটি।
ক্যাপিটালসের হয়ে ৫২ বলে ৯৬ রানের এক অনবদ্য ইনিংস খেলেন রভম্যান পাওয়েল।আটটা চারের সাথে চারটা ওভার বাউন্ডারিতে ইনিংস শেষ করেন তিনি। এছাড়া জর্ডান কক্সও আদায় করে নেন নিজের অর্ধশত। আবুধাবির হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন অধিনায়ক হোল্ডার।
জবাবে নেমে আবুধাবি শুরুতেই বিপাকে পড়ে। ডেভিড উইলি প্রথম ওভারেই আউট করেন অ্যালেক্স হেলসকে, সঙ্গে বিদায় নেন আলিশান শরাফ। মাত্র ১০ রানের মধ্যে উন্মুক্ত চাঁদও সাজঘরে ফেরেন মুস্তাফিজের বলে, ফলে থমকে যায় দলের রানের গতি। শেষপর্যন্ত ১৫.৩ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় তারা ।ফলস্বরূপ ৮৩ রানের বড় জয় তুলে নেয় দুবাই ক্যাপিটালস।
দুবাইয়ের হয়ে বোলিংয়ে ঝড় তুলেন ওয়াকার সালামখেইল, মাত্র ২৯ রান খরচায় শিকার করেন চার উইকেট । মুস্তাফিজুর রহমানও দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন; উন্মুক্ত চাঁদ ছাড়াও তিনি আউট করেন আবুধাবির সর্বোচ্চ স্কোরার ফিল সল্টকে (২৭ রান, ২১ বল)। ডেভিড উইলি এবং মোহাম্মদ নবীও দু’টি করে উইকেট শিকার করেন।
Sent 6m ago
Write to
Sent 5m ago
Write to